ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পৌনে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ করে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়। এতে পদ্মা নদী মারাত্মক উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
পরে দুপুর সোয়া ১২টার দিকে ঝড়ো বাতাস থেমে গেলে এবং নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে এই নৌরুটে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ।
সাময়িক এই অচলাবস্থার কারণে দুই ঘাটে কিছু যানবাহন নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। তবে পুনরায় চলাচল শুরু হওয়ায় ঘাট পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।