অর্থের অভাবে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়: খাদ্যমন্ত্রী

অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার গুণগত মানের ওপর জোর দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার মান যতো উন্নত হবে, দেশ ততোই এগিয়ে যাবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তাদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা সরকারের দায়িত্ব।

তিনি আরও জানান, দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষকদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের চারিত্রিক ও মানবিক বিকাশে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মো. সারোয়ার আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিনসহ স্থানীয় শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।