টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সরাসরি কাজ করছে। পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এরপর আগুন নেভাতে সহযোগিতায় এগিয়ে আসে বিজিবি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন লাগার সংবাদ পান তারা। খবর পাওয়ার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির পরিধি বিবেচনা করে পরবর্তীতে একে একে টঙ্গী ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যুক্ত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ করছে। তার মধ্যে ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভাতে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের তিনটি করে ছয়টি, গাজীপুর চৌরাস্তা মডার্ণের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি, পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটিসহ মোট ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। 

তাৎক্ষণিকভাবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আবুল কালাম নামে এক ফায়ারফাইটার আহত হয়েছেন বলে জানা গেছে। কারখানাটিতে কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।