ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ নারীসহ নিহত তিন

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া ও আড়কান্দি সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মধ্যে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিনজন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত কারোরই নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। উদ্ধার অভিযান সম্পন্ন হলে এবং তদন্ত শেষে দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রদান করা সম্ভব হবে।