গাজীপুরে সুপ্রিম গার্মেন্টস গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুর একটা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে সকাল ১০টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম দল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে অগ্নিকাণ্ডের স্থানে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরও চারটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। সর্বমোট ৯টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে সাড়ে তিন ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষতির পরিমাণ কতো, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।