ফরিদপুরের ভাঙ্গায় রাতের আঁধারে সরকারি সার পাচারের সময় বিসিআইসির এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ সময় পাচারে ব্যবহৃত ট্রাকসহ ২৫০ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে তাদের আটক করা হয়।
আটক ডিলারের নাম এ কে এম ইলিয়াস হাওলাদার। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাসিন্দা। ইলিয়াস হাওলাদার ‘মেসার্স হাওলাদার ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী এবং ওই ইউনিয়নে বিসিআইসি অনুমোদিত সার ডিলার হিসেবে নিবন্ধিত।
স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে একটি ট্রাক সার লোড করে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা ৯৯৯ নম্বরে কল দিয়ে জাতীয় জরুরি সেবায় পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেয়। তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা ডিএপি সারসহ ট্রাকটি জব্দ করেন। একই সঙ্গে অবৈধভাবে সার পরিবহনে জড়িত থাকায় ডিলার ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করে থানায় নিয়ে যান।
ভাঙ্গা উপজেলা কৃষি অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সার অবৈধ উপায়ে পাচারের এ ঘটনায় অভিযুক্ত সার ডিলারের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।