মাদকের টাকা না পেয়ে নিজ ঘরেই আগুন দিলো ছেলে!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্মদাতা বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ক্ষোভে নিজ বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এক মাদকাসক্ত যুবক। আগুনে বসতবাড়ির কয়েকটি কক্ষের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং পাশে থাকা একটি টিনের ঘরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈইর কালিয়াভিটা কবরস্থান সংলগ্ন এলাকায় এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম নাজমুল হাসান (২৮)। দীর্ঘদিন ধরেই সে মাদকাসক্ত ছিল। গত বুধবার রাতে তার বাবা আয়েত আলীর কাছে সে মাদকের টাকার জন্য চাপ সৃষ্টি করে। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরেই আগুন ধরিয়ে দেয় নাজমুল।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন কক্ষে এবং সেখানে রাখা প্লাস্টিকের ক্রেটগুলোতে। আগুনের তীব্রতা দেখে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগানোর পর পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত নাজমুল।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়ে যায়। ভুক্তভোগী বাবা আয়েত আলীর দাবি, আগুনে তাঁর ঘরের গুরুত্বপূর্ণ আসবাবপত্র, ঘর এবং প্লাস্টিকের ক্রেট পুড়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাঁদের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে একটি কাঠের ঘর ও রান্নাঘরের আসবাবপত্র পুড়ে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক নাজমুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।