ফরিদপুর সদর উপজেলায় এক যুবককে হাত-পা ভেঙে এবং দুই চোখ উপড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাইটকুমারী বিলের একটি ধানখেত থেকে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।
আহতের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে রোববার (১ নভেম্বর) রাতে দেলোয়ারকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। রাতে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে বাইটকুমারী বিলে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় কাতরাতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, বিষয়টি সম্পর্কে এখনো তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেননি। তবে অভিযোগ বা তথ্য পেলে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।