চার ঘণ্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে দীর্ঘ চার ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্থানে ঝুট কাপড়, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেন। এর ফলে মহাসড়কের আশপাশের এলাকাগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় চেষ্টা চালিয়েও শ্রমিকদের সরাতে না পেরে বেলা ১২টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে গেলে প্রায় চার ঘণ্টা পর দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।