ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক নিহত

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক দগ্ধ হয়ে নিহত হয়েছেন। 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত একটা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বাস চালকের নাম কালাচাঁদ (৫০)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি বাসের চালক ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিলো। তখন চালক কালাচাঁদ বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ সন্ধান ও এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।