রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ আহত চার

রাজবাড়ীর পাংশা উপজেলায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাবা, মা, বোন ও ভাবিকে মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।

এতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।

পরিবারের বরাত দিয়ে ওসি শেখ মঈনুল ইসলাম জানান, রাত ৯টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়।

ওসি আরও জানান, সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস পাট্টা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার ভাই রনি সোমবার রাতে পুইজোর বাজারে আওয়ামী লীগের মিছিল করেন। এর পরপরই তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। বর্তমানে ওই বাড়িতে পুলিশ সদস্যরা অবস্থান করছেন বলে জানান ওসি।

তিনি বলেন, ‘রাতেই পরিবারের সদস্যদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা সকালে মামলা করবেন বলে জানিয়েছিলেন। মামলা দায়েরের পর এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’