ফেরির মাস্টার মো. মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে ডাকা ধর্মঘট ছয় ঘণ্টার জন্য সাময়িক স্থগিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুক্তি দেওয়া না হলে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এর আগে ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে শনিবার ভোর চারটা থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই শরীয়তপুর-চাঁদপুর নৌপথে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেন চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা। এতে নৌপথের দুই পাড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ প্রায় ৩০০ যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় ‘কাকলি’ নামের একটি ফেরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি বাল্কহেড। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় তরিকুল ইসলাম (১১) নামের এক শিশুর মাথা ফেরিতে থাকা একটি বাসের গায়ে আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও চার শিশু আহত হয়।
দুর্ঘটনার পর নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করে এবং এর দুই শ্রমিক ও ফেরির মাস্টার মো. মোশাররফ হোসেনকে আটক করে। ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদেই শনিবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেন ফেরির চালক ও কর্মচারীরা।
আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে আপাতত ছয় ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে এই সময়ের মধ্যে আটক মাস্টারকে মুক্তি দেওয়া না হলে সন্ধ্যা থেকে সারাদেশের সব নৌপথে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হবে।