গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ভাঙচুরের আশঙ্কায় ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ এ তথ্য জানিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কারখানা বন্ধের ঘোষণার পর সড়কে নেমে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে চান্দনা পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি পোশাক কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।
তবে কারখানা বন্ধের পক্ষে নন পোশাকশ্রমিকেরা। তারা বলছেন, তারা কারখানা বন্ধ চান না। দ্রুত বেতন বৃদ্ধির ঘোষণা চান। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত জানানোর দাবি জানিয়েছেন তারা।
এদিকে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গাজীপুরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।