অতীতের সব রেকর্ড ভাঙলো পাগলা মসজিদের দানবাক্স

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল সাতটায় মসজিদের ১০টি স্থায়ী দানবাক্স ও পাঁচটি অস্থায়ী ট্রাংক খুলে মোট ৫১ বস্তা টাকা পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতের সব রেকর্ড ভেঙে এবারের দান নতুন মাইলফলক তৈরি করেছে। নগদ অর্থের পাশাপাশি দানবাক্সে স্বর্ণ-রূপার অলঙ্কার, বৈদেশিক মুদ্রা ও অন্য মূল্যবান সামগ্রীও পাওয়া গেছে। সব মিলিয়ে মসজিদের তহবিলে জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা।

শনিবার সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এরপর মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দিনভর চলে টাকা গণনা, যাচাই-বাছাই ও হিসাব সংরক্ষণের কাজ। রাত ১০টা ১৮ মিনিটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ আনুষ্ঠানিকভাবে দানের পরিমাণ ঘোষণা করেন।

টাকা গণনার কাজে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ও পাগলা মসজিদ মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের কর্মচারী এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইশতিয়াক ইমন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মসজিদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ে দানের সুযোগ চালু করা হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান এসেছে।

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, ২০২০ সালের পর দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সম্প্রতি গণনা করা হয়। এতে এক হাজার ৪৪ ভরি ১৪ আনা চার রতি স্বর্ণ, এক হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ ও নিলামের প্রক্রিয়া চলমান রয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে এক কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে তিনটি নামাজের শেড, অজুখানা ও নারীদের ওয়াশব্লক নির্মাণকাজ শুরু হয়েছে। পাশাপাশি আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের জন্য ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে। প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট এ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এবং নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।

সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, মসজিদটিকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কমপ্লেক্সে রূপান্তর করা হবে। দানের অর্থের স্বচ্ছতা নিশ্চিত করে উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন ৪৩ বস্তা টাকা গণনা শেষে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিলো, যা সে সময় রেকর্ড সৃষ্টি করেছিলো।

সাধারণত প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও দানের পরিমাণ বাড়ায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে। এ কারণে এবার চার মাস ২৪ দিন পর বাক্সগুলো খোলা হয়। রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ নানা মনোবাসনা পূরণের আশায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এখানে নগদ অর্থ, স্বর্ণালংকার, গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করেন।

জনশ্রুতি অনুযায়ী, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে বর্তমান মসজিদের স্থানে এসে অবস্থান নেন। তার মৃত্যুর পর সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ স্টেটের মাধ্যমে পরিচালিত হয়ে আসা এ মসজিদের আয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।