কিশোরগঞ্জে সাত চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার পাঁচ

কিশোরগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় উদ্ধার করা হয়েছে সাতটি চোরাই মোটরসাইকেল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দিকে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (২২ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন করিমগঞ্জ উপজেলার উত্তর গণেশপুর এলাকার  মো. উজ্জ্বল মিয়া (৩৯), কিশোরগঞ্জ সদর উপজেলার চাউলমহল এলাকার তানভীর ইসলাম পিয়াল (২৫), সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মো. রানা ইদ্রিস (৪০), সদর উপজেলার হারজাগী এলাকার মো. তামিম মিয়া (২৪) এবং করিমগঞ্জ উপজেলার রাজকুটি এলাকার নওফেল (২৪) ।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল, খরমপট্টি, বৌলাই ইউনিয়নের দিঘীরপাড় ও নাকভাঙ্গা এবং করিমগঞ্জ উপজেলার বালিখোলাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব স্থান থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনসহ পলাতক অন্তত ১০ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।