মজুরি বোর্ডের সভার আগেই উত্তাল গাজীপুর, মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও রাজপথে নেমেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পর থেকে সদর উপজেলার ভবানীপুর, বাঘের বাজারের নতুন বাজার এবং ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

স্থানীয়রা জানান, সকালে বাঘের বাজার এলাকায় একটি কারখানার শ্রমিকেরা প্রথমে সড়ক অবরোধ করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা তাদের সঙ্গে যোগ দিলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেখানকার শ্রমিকেরাও সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে চলমান শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর জেলার ৩২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, পোশাক খাতের চলমান এই সঙ্কট নিরসন ও ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষে মঙ্গলবার দুপুর দুইটায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।