অনেক ডিসেম্বর আসবে, হাসিনা আসবে না: রাশেদ খান

‘অনেক ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাম্প্রতিক চর্চা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি একে নিছক গুজব বলে আখ্যা দেন এবং এসব গুজবে কান না দেয়ার পরামর্শ দেন।

শুক্রবার মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত ও তাঁর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি শেখ রেহানার একটি কথিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া জল্পনা-কল্পনার বিষয়ে রাশেদ খান বলেন, এ ধরনের তথ্যের সত্যতা আগে যাচাই করা দরকার। তা ছাড়া যারা দেশে এত বড় হত্যাযজ্ঞ চালিয়েছে এবং আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছে, তারা কি এ দেশে মরতে আসবে?"

তিনি আরও যোগ করেন, আওয়ামী লীগের রাজনীতি এখন কেবল ফেসবুক ও ইউটিউব নির্ভর হয়ে পড়েছে। এ কারণেই অনলাইনে সহজেই নানা ধরনের গুজব ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। তাই এসব গুজবে কান না দেওয়াই শ্রেয়।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা-ঢাকা রোড ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বি। মর্মান্তিক এই ঘটনার সময় তাঁর স্ত্রী কানিজ ফাতেমা রুমি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে তাঁদের কন্যা সন্তানের বয়স দুই বছর।

সাক্ষাৎকালে নিহত রাব্বির অবুঝ শিশুসন্তান ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন রাশেদ খান। একই সঙ্গে শহীদ রাব্বির পরিবারের যেকোনো প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার দৃঢ় আশ্বাস দেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।