বিদেশ যাওয়ার টাকা না পেয়ে বিষপানে তরুণের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বড় ভাইয়ের কাছে বিদেশ যাওয়ার টাকা চেয়ে না পাওয়ায় অভিমানে বিষপান এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার কামটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণ মো. রাসেল মিয়া (২৫) ফকিরহাট উপজেলার কামটা গ্রামের মো. জাফর মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও মৃত তরুণের পরিবার জানায়, রাসেল বুধবার সন্ধ্যায় তার বড় ভাই মনজুরুল মিয়ার কাছে বিদেশ যাওয়ার জন্য ১৭ লাখ টাকা চান। এই টাকা না পেয়ে ভাইয়ের উপর অভিমান করে এদিন রাত সাড়ে আটটার দিকে বাজার থেকে কীটনাশক বিষ কিনে কামটা ইটভাটার সামনে সে কীটনাশক পান করেন তিনি। এসময় ঘটনাটি এলাকার এক ব্যক্তি দেখে পরিবারকে খবর দেন ও তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।