ফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে এক ভাঙ্গারি ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা আদায় ও আরও চাঁদার দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কাটাখালী মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার আবু বকর শেখের ছেলে মো. কামাল শেখ (৪৫), সোহরব শেখের ছেলে বাচ্চু শেখ (৪০) ও একই এলাকার মজিদ শেখের ছেলে সুমন শেখ (২৫)।

পুলিশ ও ভুক্তভোগী জানায়, গত ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার ভাই ভাই ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক ভাঙ্গারির ব্যবসায়ী মো. ইসমাইল ভূইয়ার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এমন সময়  অভিযুক্ত মো. কামাল শেখ, বাচ্চু শেখ ও সুমন শেখ এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে হত্যার হুমকি প্রদান করেন অভিযুক্তরা। এসময় ভাঙ্গারি ব্যবসায়ী ইসমাইল ভূইয়া কাছে থাকা ৫০ হাজার টাকা অভিযুক্তরা ছিনিয়ে নেয়। 

পরবর্তীতে তাহাদের দাবিকৃত চাঁদার বাকি দেড় লাখ টাকা ১১ ফেব্রুয়ারির মধ্যে না দিলে ভুক্তভোগীকে হত্যা করাসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে বলে হুমকি দেয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, খবর পেয়ে থানা পুলিশ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল ভূইয়া ১২ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।