নড়াইল সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র সুজন বিশ্বাস (১৫) জুড়ুলিয়া গ্রামের আফসার বিশ্বাসের ছেলে ও জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানান, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতো। রোববার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে আর উঠতে পারেনি সুজন।
স্থানীয়রা জানান, সুজনের মা তার ছেলের পানিতে পড়ে যাবার বিষয়ে জানতে পেরে চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।