বাগেরহাটে মাদকসহ চার কারবারি গ্রেপ্তার

বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ২৪ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবা উদ্ধার ও মাদক পরিবহনে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার ভোরে জেলার ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে মাদক উদ্ধার ও কারবারিদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- খুলনার রূপসা থানার রামনগর গ্রামের সাজ্জাদ মোল্লা (৩৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার জগরখালী গ্রামের আলী আলম (২৮), যশোর জেলার কোতোয়ালি সদর থানার মোড়ালী মোড় এলাকার সাগর (২৮) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার উওরপাড়া গ্রামের গাজী বদরুল (৫০)। 

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে মাদকের কারবার চলছিল। গোপন খবরে অভিযান চালানো হয়।

তিনি জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবত মাদকের কারবার চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।