মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে চারজন আহত

মেহেরপুরে একটি মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্ব মালসাদহে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন মোটরসাইকেল আরোহী শিশিরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে রানা (১৫), শরিফুল ইসলামের ছেলে শান্ত (১৫), ইজিবাইক যাত্রী রায়পুর গ্রামের পটলের স্ত্রী মর্জিনা (৩৫) ও ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী থেকে মোটরসাইকেল আরোহী রানা ও শান্ত হাটবোয়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইক ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় চারজন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আফরোজ জানান, আহতদের মধ্যে মর্জিনাকে ভর্তি রাখা হয়েছে। অন্য তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।