নড়াইলে যুবক হত্যায় তিন জনের ফাঁসির আদেশ

নড়াইলে ইজিবাইক কিনে দেওয়ার প্রলোভনে যুবক হত্যায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও জেলা দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এই আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- আনারুল মোল্যা, জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া এবং মো.নাজমুল শিকদার। তাদের মধ্যে আনারুল মোল্যা ও নাজমুল জামিনে এসে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৩ জুন সকালে লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের আব্দুস সালাম মোল্যার ছেলে পলাশ মোল্যাকে (২৫) ইজিবাইক কিনে দেওয়ার কথা বলে ডেকে নেন আসামিরা। 

এর তিন দিন পর (২৬ জুন) মাগুরা জেলার সদর থানার ধানখোলা গ্রামে একটি  অজ্ঞাত মরদেহ উদ্ধার পরে পুলিশ। পরে আট জুলাই পলাশ মোল্যার পরিবার মরদেহ শনাক্ত করে। 

এ ঘটনায় পলাশের ভাই আহাদ আলী বাদি লোহাগড়া থানায় প্রথমে হারানোর জিডি এবং পরে অপহরণ ও হত্যা মামলা দায়ের করে। পরে সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। অপর দন্ডপ্রাপ্ত দুই আসামী আনারুল মোল্যা ও নাজমুল সিকদার ইতিপূর্বে জামিনে থেকে পলাতক রয়েছে।

নড়াইলের পাবলিক প্রসিকিউটর অ্যাড. ইমদাদুল ইসলাম জানান,পলাতকদের গ্রেপ্তার পরবর্তী আদালতের রায় কার্যকর হবে।