মোংলায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক ভুক্তভোগীর সহপাঠী।
বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার তরুণী মামলা করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. রিয়াজ মালকে গ্রেপ্তার করে। পৌর শহরের জয়বাংলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী তরুণী মোংলা সরকারি কলেজের অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) শেষ বর্ষের ছাত্রী। একই বিভাগে পড়েন অভিযুক্ত রিয়াজ। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো।
সবশেষ বৃহস্পতিবার বিকেলে তরুণীকে একা পেয়ে মোংলা পোর্ট পৌরসভার আরাজি মাকড়ঢোন এলাকায় রিয়াজ ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রিয়াজ পালিয়ে যায় এবং তরুণীকে হত্যার হুমকি দেয়।
মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, মামলা হওয়ার পর পুলিশ অভিযুক্ত সহপাঠীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।