সুন্দরবন ভ্রমণের কথা উঠলে প্রথমেই পর্যটকের মনে উঁকি দেয় রয়েল বেঙ্গল টাইগার। তবে সে আশায় যে কতে হৃদয় ভেঙেছে সেই হিসেব টানা একেবারেই মুশিকল। তবে রোববার (১৯ জানুয়ারি) ঘটলো উল্টোটা। বনের কটকা এলাকায় এক সঙ্গে তিনটি বাঘের দেখা পেয়েছেন পর্যটক। এতে তারা এতোই আনন্দিত যে, অনেকেই চিৎকার করে বলেছেন, ‘পয়সা উসুল’।
এদিন এমভি আলাস্কা নামের পর্যটকবাহী লঞ্চ কটকার বেতমোড় খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘ দেখতে পান পর্যটক।
প্রথমে বাঘের দৃশ্য ধারণ করেন পর্যটক গাইড মো. আলামিন। এক সঙ্গে থাকা তিনটি বাঘ দেখার অসাধারণ মুহূর্ত প্রত্যক্ষ করেন তারা।
এছাড়া গত ১৫ জানুয়ারি কটকা-কচিখালী বাউন্ডারির বাদামতলা এলাকায় এক সঙ্গে চারটি বাঘ ঘুরতে দেখেন কটকা ফরেস্ট টহল দলের সদস্যরা। এর মধ্যে দুটি বাঘ ছিল বড়, আর দুটি ছোট। এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে চেন্দ্রশ্বর ফরেস্ট অফিসে এক সঙ্গে তিনটি বাঘের দেখা মিলেছিল।
গাইড আলামিন জানান, সুন্দরবনের কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ এবং বেতমোর নদী পেড়িয়ে একটি বাঘ এসে একত্রিত হয়েছিলো। কিন্তু বেতমোড় এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। পরে অসহায় বাঘটি অনেকক্ষণ পানিতে ভেসেছিল। পরে পালিয়ে যায়।
শরণখোলা রেঞ্জের টাইগার টিমের সদস্য মো. আবুল আসলাম তুহিন জানান, ২০২৩-২৪ সালের বাঘ শুমারিতে বাঘের সংখ্যা দাড়ায় ১২৫টি। ২০১৮ সালের জরিপে যা ছিলো ১১৪।
তিনি জানান, সুন্দরবনের চারটি রেঞ্জের মধ্যে শরণখোলায় বাঘের অবস্থান বেশি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান মুঠোফোনে একাত্তরকে জানান, চোরা শিকারির সংখ্যা কমে যাওয়া এবং সুস্থ আবাস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।