ভারতের সীমান্ত পার হওয়ার সময় আটক ১০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের ভারতের হাকিমপুর চেকপোস্ট থেকে আটক করে বিএসএফ। এরপর বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে বিএসএফের আমুদিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পরিদর্শক বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে উভয় দেশের পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিরা সাতক্ষীরার কালীগঞ্জ, তালা, গাইবান্ধা জেলা ও খুলনার জেলার তেরখাদা উপজেলার বাসিন্দা। এদের মধ্যে তিন জন শিশু, চার জন নারী ও তিন জন পুরুষ।
ফেরত আসা ব্যক্তিরা হলেন -মো. নেয়ামত আলী (৫১), তার স্ত্রী পাপিয়া বেগম (৪৬), শীলা আক্তার সরবানু (২৪), তার ছেলে হাবিব মোল্লা (৯) ও লাবিব মোল্লা (৪ মাস); আব্দুল মুছা (৩৬), তার স্ত্রী আফরোজা মোল্লা (৩৫) ও মেয়ে রুকাইয়া (৫), মোছা. মোসলেমা খাতুন (২১) ও তার মেয়ে আনাবিয়া (১)।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নেয়ামত আলী জানান, তারা বছর পাঁচেক আগে সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন। ওখানে তারা একটি ইট ভাটায় কাজ করতেন। সম্প্রতি সময়ে ভারতে অবৈধ অধিবাসীদের ধরপাকড় শুরু হলে তারা হাকিমপুর চেকপোস্ট দিয়ে দেশে আসার চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক জানান, বুধবার রাত ৯টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েব সুবেদার মো. আবুল কাশেম আটক ব্যক্তিদের থানায় নিয়ে এসে একটি সাধারণ ডায়েরির মাধ্যমে তাদের হস্তান্তর করেন। এরপর তাদের ঠিকানা যাচাই-বাছাই শেষে রাতেই তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।