মোল্লাহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ শেখ (৪০) নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। মোল্লাহাট উদয়পুর বাজারে তার ‘মেসার্স শেখ ট্রেডার্স’ নামে স্যানিটারি ও হার্ডওয়্যারের ব্যবসা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পানবাজার এলাকায় সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার একই দোকানের কর্মচারী নুর ইসলামকে (২৭) উপজেলার কাহালপুর এলাকায় গুলি করে সন্ত্রাসীরা। নুর ইসলাম বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জড়িতদের ধরতে এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।