বাগেরহাটে একদল দুর্বৃত্ত একটি বাড়িতে ঢুকে এক তরুণকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করেছে। নিহতের পরিবার জানিয়েছে, এই হত্যাকাণ্ডে ১০ থেকে ১২ জন যুবক অংশ নেয়। তবে তাৎক্ষণিক তারা হত্যার কারণ জানাতে পারেন নাই।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে জেলার চিতলমারী উপজেলার শিবপুরে এই ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম হামজা মুন্সী (২৫)। তিনি ওই এলাকার রুহল আমিন মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানায়, একদল দুর্বৃত্তর বাড়িতে ঢুকে হামজাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের চাচা বাচ্চু মুন্সী বলেন, গুলির শব্দ শুনে বাইরে বের হয়ে দেখেন অন্তত ছয় জন ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। তার দাবি, হামজা খুলনায় বসবাস করতো। খুলনার কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
নিহতের পিতা রুহুল আমিন মুন্সী বলেন, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে বাড়িতে ঢুকে ছেলেকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।