পূর্ব সুন্দরবনের শেলারচর এলাকায় বনরক্ষীদের সঙ্গে বনদস্যু শরীফ বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় বনদস্যুরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত একটি ট্রলার ও অস্ত্র জব্দ করা হয়েছে। একই সঙ্গে ট্রলারের ভেতর থেকে শিকলবন্দী অবস্থায় অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকার সিঙেরটেক এলাকায় এ অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন—হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা ও খুলনার বটিয়াঘাটা এলাকায়। মুক্তিপণ আদায়ের লক্ষে শরীফ বাহিনী তাদের অপহরণ করে ট্রলারে আটকে রেখেছিলো বলে জানা গেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, সকালে শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের সদস্যরা নিয়মিত যৌথ টহল দিচ্ছিলেন। সিঙেরটেক এলাকায় একটি সন্দেহভাজন ট্রলার দেখে সেটিকে থামার সঙ্কেত দেন বনরক্ষীরা। কিন্তু দস্যুরা ট্রলার না থামিয়ে বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। বনরক্ষীরাও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।
একপর্যায়ে দস্যুরা বনের পাড়ে ট্রলার ভিড়িয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে ট্রলারটি তল্লাশি করে সেখান থেকে একটি বন্দুক, এক রাউন্ড কার্তুজ এবং চারটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ সময় ট্রলারের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, দস্যুদের গ্রেপ্তারে সুন্দরবনের ভেতরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ট্রলার ও সরঞ্জাম বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।