ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই হত্যার ঘটনা ঘটে।
নিহতের নাম মোলায়েম হোসেন। তিনি উপজেলার কালিশংকরপুর গ্রামের মৃত আবুল মণ্ডরের ছেলে। মোলায়েম ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং একই ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে ভায়না বাজারের পাশে দাঁড়িয়ে ছিলেন মোলায়েম হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায় এবং ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত মোলায়েম হোসেন একসময় নিষিদ্ধ চরমপন্থি সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—চরমপন্থি গোষ্ঠীর অভ্যন্তরীণ কোন্দল বা পূর্বশত্রুতার জেরে এই হত্যা ঘটেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি; ময়নাতদন্ত ও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।