নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের নাম হাসান শেখ (৪৫)। তিনি চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। পেশায় ভ্যানচালক ছিলেন।
ওই দিন সকালে জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ সোহেল রানা এবং আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন।
এর মধ্যে সোহেল পক্ষের গুলিবিদ্ধ হাসান শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান ও মুক্তি শেখসহ অন্যরা চিকিৎসাধীন আছেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো. হোসেন আলী বলেন, আগের হত্যার জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুইপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা কোন ধরণের অস্ত্রের ব্যবহার হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি।