যশোরে দুই বাইকের সংঘর্ষে নিহত তিন

যশোর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড়ের কাছে বড়ো মেঘলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং আরিফুল ইসলাম জয়। তবে নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে মণ্ডলগাতী থেকে বেনাপোলগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যশোরগামী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ কাজ শুরু করেছে। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় নিশ্চিতের পাশাপাশি স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।