সুন্দরবনে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল এলাকা থেকে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর মো. রিয়াজ আহমেদ (২৮) নামের এক পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির অধীন আলোরকোলের চায়না ব্যারেজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে বন বিভাগ।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাসার ঢালীর ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন বলে জানা গেছে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ মো. খলিলুর রহমান জানান, আলোরকোল এলাকার চায়না ব্যারেজের পাশে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীরা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা গিয়ে রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করেন এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ নভেম্বর সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ‘ইকো সুন্দরবন ট্যুরিজম’ নামের একটি ট্যুরিস্ট লঞ্চ ১৯ জন পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণে বের হয়। লঞ্চটিতে ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকার পর্যটকেরা ছিলেন।

পরদিন ছয় নভেম্বর দুপুর ১২টার দিকে নৌযানটি শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোল এলাকায় পৌঁছালে নতুন জেগে ওঠা একটি চরে আটকে যায়। এ সময় লঞ্চটি চরাঞ্চল থেকে মুক্ত করতে কয়েকজন জেলে ও চারজন পর্যটক নদীতে নামেন। তখন সাগরের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে রিয়াজ আহমেদ ভেসে গিয়ে নিখোঁজ হন। ঘটনার ৩৫ ঘণ্টা পর অবশেষে তার মরদেহ উদ্ধার করা হলো।