আগামী জানুয়ারি মাসে খুলনা থেকে ঢাকায় নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলী আসগর লবী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আলী আসগর লবী বলেন, ভারত থেকে দ্বিতীয় দফায় কোচ আসার পর খুলনা-ঢাকা রুটে নতুন এই বিরতিহীন ট্রেনটির পাশাপাশি মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।
রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জানান, খুলনা বিভাগের নতুন তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
লোকসানে থাকা রেল খাতের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে আলী আসগর লবী বলেন, রেলকে লাভজনক ও যাত্রীবান্ধব করতে টিকেট কালোবাজারি রোধসহ নানামুখী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।