কলমাকান্দায় আগুনে পুড়লো ছয় কাপড়ের দোকান

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ড হয়। 

স্থানীয়রা জানান, আগুনে পুড়ে যাওয়া ছয়টি টিনশেড দোকানঘরের প্রতিটি ১০ ফুট আয়তনের ছিলো। দোকানগুলোর মালিক পাঁচগাঁও গ্রামের মো. কামাল হোসেনসহ আরও কয়েকজন ব্যবসায়ী। প্রতিটি দোকানেই বিপুল পরিমাণ কাপড়ের মজুত ছিলো। কাপড়ের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন লাগার পর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ১২ জন ফায়ার ফাইটারের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১৩ কিলোমিটার দূরের দুর্গম পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছে টানা আধা ঘণ্টার চেষ্টায় সকাল ছয়টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে তারা।

মো. আশরাফুল ইসলাম জানান, ভোরে খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। আমরা কিছু মালামাল উদ্ধার করতে পেরেছি। তবে ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।