সোমেশ্বরী নদীতে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু, উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মাণ করা হয়েছে প্রায় ৬০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের দুটি অস্থায়ী সেতু। তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত পাশাপাশি নির্মিত সেতু দুটির একটি দিয়ে মানুষ নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাবেন, অন্যটি দিয়ে ফিরবেন। সেতু দুটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে স্বস্তি ফিরেছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে সেতু দুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়ে সেতু দুটির উদ্বোধন করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সেতু দুটি নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় এক মাস আগে কাঠ ও বাঁশ দিয়ে সেতু দুটির নির্মাণকাজ শুরু হয়। প্রতিদিন অন্তত ২৭ থেকে ২৮ জন শ্রমিকের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অনেকে কাজ করেছেন। সেতু দুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৬০০ ফুট। এর মধ্যে একটির প্রস্থ আট ফুট এবং অন্যটির ছয় ফুট।

সেতু দিয়ে পায়ে হেঁটে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী, সাইকেল, রিকশা এবং জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচল সম্পূর্ণ টোলমুক্ত রাখা হয়েছে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের পরামর্শে সেতু দুটির আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণ তদারকির জন্য একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। তেরিবাজার বড় মসজিদের ইমাম, শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক এবং খ্রিষ্টান সম্প্রদায়ের একজন সমাজসেবক এ পরিষদের নেতৃত্ব দেবেন। সেতু নির্মাণের খরচ বাদে অবশিষ্ট আয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, দুস্থ রোগীদের চিকিৎসা এবং সেবামূলক কাজে ব্যয় করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপুর উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। পাহাড় থেকে নেমে আসা সোমেশ্বরী নদী পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তিনটি ইউনিয়নকে বিভক্ত করেছে। এসব ইউনিয়নের কুল্লাগড়া, গাঁওকান্দিয়া ও বিরিশিরি এলাকার মানুষকে শিবগঞ্জ ফেরিঘাট দিয়ে নৌকায় নদী পার হয়ে উপজেলা শহরে যাতায়াত করতে হয়। প্রতিদিন হাজারো মানুষ এ ঘাট ব্যবহার করেন। শীতকালে এ এলাকায় লাখো পর্যটকের আনাগোনা থাকে।

স্থায়ী সেতু না থাকায় বছরের প্রায় ছয় মাস বর্ষাকালে নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। অন্যদিকে, শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে ধু-ধু বালুর ওপর দিয়ে হেঁটে কিংবা হাঁটুপানি পেরিয়ে নৌকায় উঠতে হয়। এতে দুর্ভোগ আরও বাড়ে। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে।

স্কুলছাত্রী আরাধ্য রায় বলেন, ‘নদীর ওপর সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে ভোগান্তি পোহাতে হতো। এবারও ব্যারিস্টার কায়সার কামাল স্যার কাঠের সেতু নির্মাণ করেছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। তবে আমাদের একটাই দাবি, সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক।’

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আলহামদুলিল্লাহ। দীর্ঘ ও দুই লেনবিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করেছে শিক্ষার্থীরা। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ওপর নির্মিত এ সেতু জনগণের। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের।’

সবাইকে একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করে মানবিক দুর্গাপুর গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প এগিয়ে চলছে। আশা করছি, ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।’