শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার মিশনমোড় এলাকা থেকে তাদের আটক করেন ময়মনসিংহ ৩৯ বিজিবির চৌকিদারটিলা ক্যাম্পের সদস্যরা।
পরে বুধবার (১৮ নভেম্বর) সকালে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ ৩৯ বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক (২৯), শাগোয়ান ঘন্টি গ্রামের শমসের আলীর ছেলে মো. মিনারুন (১৯), মাদবপুর গ্রামের আ. করিমের ছেলে মো. ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে মো. শওকত আলী (৩৫), মাহাবুব রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২৫), সুরজামানের ছেলে মো. হাসান (২৫) এবং রাতাহারি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. মেসবাউল (২০)।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের খায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০), লোকমানের ছেলে মো. শামীম (২৩), রসুলপুর গ্রামের আ. কামালের ছেলে মো. আ. করিম (২১), শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে মো. আলামিন (২৪) এবং মাবদুল বিশেষতুলা গ্রামের মজিবরের ছেলে মো. রুবেল (৩০)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।