মাটির দেয়াল চাপা পড়ে দুই নারীর মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে মাটির দেয়াল ধসে চাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের জয় বর্মনের স্ত্রী ভাদুরী রাণী (৬২) ও অভি দাসের স্ত্রী মিথি রাণী (৬৫)। হাতুড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান এনামুল হক জানান, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বিকেল পাঁচটার দিকে ভাদুরী ও মিথি রানী নিজ বাড়ি থেকে হেঁটে পাশের বাড়িতে গল্প করতে যাচ্ছিলেন। পথের মধ্যে সুশীল সাধুর বাড়ির পুরাতন মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিথি রাণীর মৃত্যু হয়। ভাদুরী রাণীকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে ভাদুরী রাণী মারা যান।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দুইটি সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।