রাজশাহীতে চেম্বার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় এক চিকিৎসকে নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১২টার দিকে মহানগরীর বর্ণালীর মোড়ে একদল সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওই চিকিৎসকের নাম কাজেম আলী আহমেদ। তিনি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ।
রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন জানান, প্রতিদিনের মতো রোববার লক্ষ্মীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার শেষে বাড়ি ফিরছেন কাজেম। পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এসময় তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই সন্ত্রাসীরা। পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ঘটনার পরই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।