পাবনা শহরের রাধানগর কলেজগেট সংলগ্ন পদ্মা অয়েল কোম্পানির ফরিদ ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে অবস্থিত ফরিদ ফিলিং স্টেশনে এ ঘটনে ঘটে।
এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফিলিং স্টেশনের মুল ভবন ও তেলবাহী গাড়িসহ বেশকিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় তেলবাহী লড়ি পাম্পের সংরক্ষণ হাউজে তেল সরবরাহ করছিলো। সেখানে পরিবহন সংশ্লিষ্ট কেউ সিগারেট জ্বালালে সেখানে আগুন লেগে যায়। পরে লড়িচালক সেই তেলবাহী লড়িটি রাস্তার ওপরে নিয়ে আসে। তবে তেলের সরবরাহের মুখ খোলা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জানায়, খবর পাওয়ার পরপরই পাবনার তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আটঘরিয়ার একটি ও ঈশ্বরদীর গ্রিনসিটির আরও একটি ইউনিট কাজ করে সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তেল ছড়িয়ে পড়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে জানায় তারা।
পাবনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শারফুল আহসান ভুঞা জানান, এখনও আগুন লাগার কারণ বলা যাচ্ছে না। আরও সময় লাগবে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।