ইন্দোনেশিয়ায় আম পাঠাতে সহযোগিতা করা হবে: রাষ্ট্রদূত আরিফ

এখানকার ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা ইন্দোনেশিয়া আম পাঠাতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশস্থ ইন্দোনেশিয়া দূতাবাস।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুরে অবস্থিত প্রথম ফ্রুট প্রটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু।

রাষ্ট্রদূত বলেন, এই অঞ্চলের আম বিখ্যাত হওয়ায় যদি কেউ ইন্দোনেশিয়ায় পাঠাতে চান তাহলে ঢাকাস্থ দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে এটা নির্ভর করছে এখানকার ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের ওপর।

এসময় চাঁপাই এগ্রোর চলমান প্রজেক্ট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয় এবং আমের বহুবিধ ব্যবহার এবং রপ্তানি খাতে আমের উজ্জল সম্ভাবনা ঘিরে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

পরে জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু।

এসময় তার সঙ্গে ছিলেন -ইন্দোনেশিয়ার ঢাকাস্থ দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।