চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর চরে প্রকাশ্যে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর ধারণ করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ধর্ষণকারী। ভুক্তভোগীর পরিবার প্রথম ধর্ষণের ঘটনাটি চেপে গেলেও ভিডিও ছড়িয়ে দেওয়ার পর থানায় মামলা করেন। পরে পুলিশ মূল অভিযুক্তসহ দুই জনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান। এর আগে ১০ নভেম্বর নির্যাতনের শিকার স্কুলছাত্রী মা বাদি হয়ে তিন জনের নামে মামলা করেন। ওই দিনই দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ইমন আলী ও একই এলাকার মো. নয়ন আলী।
তদন্ত কর্মকর্তা শাকিল মামলার উদ্ধৃতি দিয়ে বলেন, ভুক্তভোগী মেয়েটি দশম শ্রেণির শিক্ষার্থী। গত এপ্রিল মাসে এক তরুণ তাকে পদ্মার চরে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। প্রথম ভুক্তভোগী পরিবার ঘটনাটি চেপে যান। পরে ১০ নভেম্বর মামলা করলেও ওই দিনই দুই জনকে গ্রেপ্তার করা হয়। আরেকজন পলাতক আছেন।
এসএম শাকিল হাসান আরও বলেন, গ্রেপ্তার দুই জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোশ্যালে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে তা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনাটি এপ্রিলে হলেও নভেম্বর ভিডিওগুলো সামাজিক মাধ্যমে আপলোড করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, ভিডিওটি বন্ধে আমাদের সাইবার টিম সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। আশা করি ভুক্তভোগী ন্যায় বিচার পাবে।