বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এমন পদক্ষেপ দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় আসিফ মাহমুদ বলেন, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে।
এসময় রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে বগুড়া জেলা পিছিয়ে পড়েছে মন্তব্য করেন তিনি। প্রতিশ্রুতি দেন, জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার।
তিনি জোর দিয়ে বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে হলে ফ্যাসিবাদের দোসরদের কোনোভাবেই রাজনৈতিক অঙ্গনে জায়গা দেওয়া যাবে না।
সমাবেশে শেষে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দুপুরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত এই মিছিলটি আদমদীঘি থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে সান্তাহার স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের নিজেই।
আদমদীঘির জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ