পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে শিক্ষক হত্যা, লাশ মিললো সেফটিক ট্যাঙ্ক

পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষকের নাম গীতা রানী (৪৫)। তিনি একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী এবং স্থানীয় চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষক ছিলেন। 

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। গীতা রানী বিষয়টি টের পেলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কিতে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সকালে স্বজনেরা গীতা রানীকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা, কেন এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।