চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ বিপুল পরিমাণ গান পাউডার ও বারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এসমা কলেজপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান পরিচালনা করে।
পরে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ওই আমবাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, দুই দশমিক আট কেজি গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং দুই দশমিক ১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পাউডার উদ্ধার করে জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে এলাকায় বড়ো ধরনের কোনো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই দুষ্কৃতকারীরা এসব বিস্ফোরক সেখানে জমা করে রেখেছিরো। উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।