গাইবান্ধায় স্কুলে ঢুকে অতর্কিত ছুরিকাঘাতে আহত পাঁচ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি স্কুলে ঢুকে শিক্ষার্থীদের এলোপাথাড়ি ছুরিকাঘাত করেছেন এক নারী। এতে পাঁচ ছাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযুক্ত ওই নারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটক নারীর নাম জান্নাতী আকতার (২১) । তিনি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো স্কুলে মেয়েদের ক্লাস চলছিলো। ক্লাস চলার ফাঁকে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের বারান্দা বসে গল্প করছিলো। এসময় বোরকা পরিহিত এক নারী হঠাৎ তাদের শ্রেণিকক্ষে ঢুকে কিছু বুঝে উঠার আগেই এক শিক্ষার্থীর পেটে ছুরিকাঘাত করার চেষ্টা করে। এ সময় সে হাত দিয়ে ছুরিটি ধরে ফেলে। এতে ওই শিক্ষার্থীর বাম হাত কেটে যায়। এরপর এলোপাতাড়ি আরও চারজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে।

পরে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীসহ স্থানীয়রা এগিয়ে এসে ওই নারীকে আটক করে। পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিবারের সদস্যরা তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে দাবি করেছেন।

সাদুল্লাপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এসময় তার কাছে একটি দেশীয় ধারালো একটি ছুরি জব্দ করা হয়। তবে কেন, কী কারণে ওই নারী এমন ঘটনা ঘটিয়েছেন তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাসপাতালে ভর্তি তিন শিক্ষার্থী হলেন- সেতু, মিতু ও রাবেয়া। তারা তিনজনেই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এরমধ্যে ছুরির আঘাতে সেতুর বাম হাত, মিতুর পিঠ ও রাবেয়ার দুই পা ও মাথায় জখম হয়। আহত অপর দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।