কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের নির্দেশে মামলাটি সোমবার পিবিআইয়ে স্থানান্তর করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এদিকে রংপুর পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।তারা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আব্দুল বাতেন।
কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ ও ছাত্রলীগ-যু্বলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
এ সময় পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ। এ ঘটনায় গত ১৭ জুলাই তাজহাট থানায় মামলা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়।