রংপুরে এক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষকসহ তার স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের খিয়ারপাড়া রহিমাপুর চাকলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) ও তার স্ত্রী সুবর্ণা রায়। তারা ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার ভোরে বারবার ডাকাডাকির পরও দরজা না খুললে দীপক নামে এক প্রতিবেশী মই লাগিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরে রান্নাঘরে সুবর্ণা রায়ের এবং শয়নকক্ষে যোগেশ চন্দ্র রায়ের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের খবর দেন।
স্থানীয়দের ভাষ্য, দম্পতি বাড়িতে একাই থাকতেন। ৮০ বছর বয়সী যোগেশ চন্দ্র রায় ছিলেন এলাকার চাকলা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। এই বীর মুক্তিযোদ্ধার ব্যক্তি হিসেবে এলাকায় ব্যাপক সুনাম ছিলো।
রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, হত্যার কারণ এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঢুকে এ হত্যা ঘটিয়েছে। তদন্ত চলছে। দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ।