হলফনামায় তথ্যের গরমিলে টাইপিং ভুল: সারজিস

নির্বাচনী হলফনামায় আয়কর সংক্রান্ত তথ্যে যে গরমিল দেখা গেছে, তা অনিচ্ছাকৃত এবং একটি সাধারণ টাইপিং ভুল বলে জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকসারজিস আলম।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন।

সারজিস জানান, আইনজীবীর অনিচ্ছাকৃত ভুলের কারণে হলফনামায় ৯ লাখ টাকার স্থলে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিলো। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন করা হয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন দলের প্রার্থীরা উপস্থিত থাকলেও কেউ এ বিষয়ে কোনো আপত্তি তোলেননি। বরং যথাযথ নিয়ম মেনেই সংশ্লিষ্ট পাতার ভুল সংশোধন করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আইনি সংশোধনের বিষয়টি না জেনেই একতরফাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এটি একজন প্রার্থী হিসেবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা। তিনি ভোটারদের এই বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার আহবান জানান।

​প্রতিপক্ষ কর্মীদের কঠোর সমালোচনা করে সারজিস আলম বলেন, নির্বাচনে এনসিপির নেতাকর্মীদের ভোটারদের কাছে ভোট না চাওয়ার ব্যাপারে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে। চব্বিশের গণঅভ্যুত্থানে যারা সৈনিক, তারা হুমকিকে ভয় পায়না। প্রতিপক্ষ বন্ধুরা গুজব ছড়িয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার যে প্রক্রিয়া চলছে, তা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থি বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।