ভোটের প্রচারে অংশ নিতে উত্তরবঙ্গের তিন জেলায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।
দীর্ঘ প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমনকে ঘিরে জেলাজুড়ে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থল। আজ সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়ো মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা রয়েছে তার। তাই নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।
দলীয় নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের এই সফর বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে বলে তাদের আশা। (
দীর্ঘদিন পর নেতার আগমনে আনন্দিত নেতাকর্মীরা। তারকে রহমানের এই সফর দলের আন্দোলন সংগ্রামকে আরও বেগবান করবে বলে মনে করছেন স্থানীয় নেতা কর্মারা।
এদিকে সাধারণ মানুষও তার আগমনকে দেখছেন নতুন সম্ভাবনা হিসেবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ নানা সমস্যা সমাধানে তারেক রহমান কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।
অপরদিকে, তারেক রহমান ঠাকুরগাঁওয়ের পর দুপুর একটায় নীলফামারী পৌরসভার বড়ো মাঠে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি।